আল্লাহু আকবার
….
হাইয়্যা আলাছ ছলাহ
হাইয়্যা আলাল ফালাহ
…..
নামাজের দিকে এসো
কল্যাণের দিকে এসো
…….
মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে আসছে, প্রতিটি মুসলমানকে আহ্বান জানাচ্ছে—
সে আহ্বান উপেক্ষা করে ঘাতকের দল এগিয়ে এলো ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড ঘটাবার জন্য।
গর্জে উঠল ওদের হাতের অস্ত্র। ঘাতকের দল হত্যা করল স্বাধীনতার প্রাণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই নরপিশাচরা হত্যা করল আমার মাতা বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবকে। হত্যা করল মুক্তিযোদ্ধা ছাত্রনেতা শেখ কামালকে, শেখ জামালকে, তাদের নবপরিণীতা বধূ সুলতানা কামাল ও রোজী জামালকে—যাদের হাতের মেহেদির রং বুকের তাজা রক্তে মিশে একাকার হয়ে গেল।
খুনিরা হত্যা করল বঙ্গবন্ধুর একমাত্র ভ্রাতা শেখ আবু নাসেরকে।
সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জামিল, যিনি রাষ্ট্রপতির নিরাপত্তা দেওয়ার জন্য ছুটে এসেছিলেন।
হত্যা করল কর্তব্যরত পুলিশ অফিসার ও কর্মকর্তাদের।
আর সব শেষে হত্যা করল শেখ রাসেলকে, যার বয়স মাত্র দশ বছর। বারবার রাসেল কাঁদছিল, ‘মায়ের কাছে যাব’ বলে। তাকে বাবা ও ভাইয়ের লাশের পাশ কাটিয়ে মায়ের লাশের পাশে এনে নির্মমভাবে হত্যা করল। ওদের ভাষায় রাসেলকে Mercy Murder (দয়া করে হত্যা) করেছে—
ঐ ঘৃণ্য খুনিরা যে এখানেই হত্যাকাণ্ড শেষ করেছে তা নয়; একই সাথে, একই সময়ে হত্যা করেছে যুবনেতা শেখ ফজলুল হক মনিকে ও তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকে—
হত্যা করেছে কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতকে, তাঁর তেরো বছরের কন্যা বেবীকে,
রাসেলের খেলার সাথী তাঁর কনিষ্ঠ পুত্র ১০ বছরের আরিফকে,
জ্যেষ্ঠ পুত্র আবুল হাসনাত আবদুল্লাহর জ্যেষ্ঠ সন্তান চার বছরের সুকান্তকে। তাঁর ভ্রাতুষ্পুত্র সাংবাদিক শহীদ সেরনিয়াবাত ও নান্টুসহ পরিচারিকা ও আশ্রিতজনকে।
আরও একবার বাংলার মাটিতে রচিত হলো বেইমানির ইতিহাস।
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাথে বেইমানি করেছিল তাঁরই সেনাপতি মীর জাফর—ক্ষমতার লোভে, নবাব হবার আশায়।
১৯৭৫ সালে সেই একই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল বাংলাদেশে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে বিশ্বাসঘাতকতা করল তাঁরই মন্ত্রিপরিষদ সদস্য খন্দকার মোশতাক, রাষ্ট্রপতি হবার খায়েশে। ঘাতকের দলে ছিল কর্নেল রশিদ, কর্নেল ফারুক, মেজর ডালিম, হুদা, শাহরিয়ার, মহিউদ্দীন, খায়রুজ্জামান, মোসলেম গং। পলাশীর প্রান্তরে যেমন নীরবে দাঁড়িয়েছিল নবাবের সৈন্যরা সেনাপতির গোপন ইশারায়—
১৯৭৫-এর এই দিনেও নীরব ছিল তারা, যারা বঙ্গবন্ধুর একান্ত কাছের, যাদেরকে নিজ হাতে গড়ে তুলেছিলেন, বিশ্বাস করে ক্ষমতা দিয়েছিলেন—যাদের হাতে ক্ষমতা ছিল। তাদের এতটুকু সক্রিয়তা বা ইচ্ছা অথবা নির্দেশ বাঁচাতে পারত বঙ্গবন্ধুকে—খন্দকার মোশতাকের গোপন ইশারায় নীরব দর্শকের ভূমিকা পালন করল তারা, এগিয়ে এলো না সাহায্য করতে। মীর জাফরের নবাবী কত দিন টিকেছিল? তিন মাসও পুরো করতে পারে নাই—খন্দকার মোশতাকের রাষ্ট্রপতি পদ (যেটি সংবিধানের সব নীতিমালা লঙ্ঘন করে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অর্জিত) তিন মাসও পুরো করতে পারে নাই।
ঘটনা ঘটায় যারা, যাদের সুতোর টানে এরা নাচে, তারাও শেষ অবধি বিশ্বাস করে না। আসলে বেইমানদের কেউই বিশ্বাস করে না, এমনকি যাদের প্ররোচনায়—ইতিহাস সেই শিক্ষাই দেয়। কিন্তু মানুষ কি ইতিহাস থেকে শিক্ষা নেয়?
যুগে যুগে এ ধরনের বেইমান জন্ম নেয়, যাদের ক্ষমতালিপ্সা এক একটি জাতিকে সর্বনাশের দিকে ঠেলে দেয়, ধ্বংস ডেকে আনে।
জাতির জনক বঙ্গবন্ধু মুজিবকে হত্যা করে বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষাকেই খুনিরা হত্যা করেছে। স্বাধীনতার মূল লক্ষ্যকে হত্যা করেছে। বাঙালি জাতির চরম সর্বনাশ করেছে।
এই হত্যাকাণ্ডের কোনো বিচার হয় নাই। জেনারেল জিয়া ক্ষমতায় এসে খুনিদের আইনের শাসনের হাত থেকে রেহাই দিয়ে সরকারি চাকরিতে নিয়োগ করে পুরস্কৃত করেছে।
আইনের শাসনকে আপন গতিতে চলতে দেয় নাই; বরং অন্যায়-অপরাধকে প্রশ্রয় দিয়েছে, লালন করেছে—যার অশুভ ফল আজ দেশের প্রতিটি মানুষকে নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে।
এই খুনিদের বাংলার মানুষ ঘৃণা করে।
বঙ্গবন্ধুকে এরা কেন হত্যা করেছে?
কী অপরাধ ছিল তাঁর?
স্বাধীনতা—বড় প্রিয় একটি শব্দ, যা মানুষের মনের আকাঙ্ক্ষা। পরাধীনতার নাগপাশে জর্জরিত হয়ে দম ফুটফেটে কে মরতে চায়?
একদিন পাকিস্তান কায়েমের জন্য সকলে লড়েছিল, লড়েছিলেন বঙ্গবন্ধুও। কিন্তু পাকিস্তান জন্মলাভের পর বাঙালি কী পেল? না রাজনৈতিক স্বাধীনতা, না অর্থনৈতিক মুক্তি। বাঙালির ভাগ্যে কিছুই জুটল না, জুটল শোষণ, বঞ্চনা, নির্যাতন এবং মায়ের ভাষা—মুখের ভাষাও পাকিস্তানি শাসকরা কেড়ে নিতে চাইল। বুকের রক্ত দিয়ে বাঙালি তার মায়ের ভাষার মর্যাদা রক্ষা করল। বাঙালি সংস্কৃতিকে ধ্বংস করে দেবার নানা চক্রান্ত চলতে থাকল।
দেশের সম্পদ পাচার করে বাঙালিকে নিঃস্ব করে দিয়ে বাইশটি পরিবার সৃষ্টি করে শোষণ অব্যাহত রাখল।
আর বঙ্গবন্ধু মুজিব শোনালেন অমর বাণী - ‘স্বাধীনতা’, দেখালেন মুক্তির পথ:
"এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।"
‘জয় বাংলা’—ঘোষণা করলেন বাঙালির বিজয়।
‘জয় বাংলা’—সেই তো তাঁর অপরাধ!
যে বাংলাদেশ ছিল পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণের লীলাক্ষেত্র, জানোয়ারের মুখ থেকে শিকার কেড়ে নিলে যেমন সে হিংস্র হয়ে ওঠে, ঠিক তেমনি হিংস্র হয়ে উঠল পরাজিত শত্রুরা। কারণ ঐ অমর বাণী, ধ্বনি-প্রতিধ্বনি হয়ে বেজে উঠল সমগ্র বাঙালির শিরায়-উপশিরায়—প্রচণ্ডরূপে আঘাত হানল বাঙালির চেতনায়।
১৯৭১ সালের ৭ মার্চ বজ্রনির্ঘোষ কণ্ঠের অমর সে বাণী যেন চুম্বকের মতো আকর্ষণ করল প্রতিটি বাঙালিকে। যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শত্রুকে পরাজিত করে বাংলার দামাল ছেলেরা ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্যকে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে ঐ পরাজিত শত্রুদের দোসররা নিজেদের জিঘাংসা চরিতার্থ করল যেন! পরাজয়ের প্রতিশোধ গ্রহণ করল।
মুজিববিহীন বাংলাদেশের আজ কী অবস্থা?
বঙ্গবন্ধু মুজিবের সারা জীবনের সাধনা ছিল শোষণহীন সমাজ গঠন। ধনী-দরিদ্রের কোনো ব্যবধান থাকবে না; প্রতিটি মানুষ জীবনের ন্যূনতম প্রয়োজন—আহার, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের সুযোগ পাবে।
সারা বিশ্বে বাঙালি জাতির স্বাধীন সত্তাকে সম্মানের সঙ্গে প্রতিষ্ঠিত করবার জন্য ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে তিনি চেয়েছিলেন। আর সেই লক্ষ্যে সারা জীবন ত্যাগ-তিতিক্ষা করেছেন, আপসহীন সংগ্রাম করে গেছেন, জেল-জুলুম-অত্যাচার-নির্যাতন সহ্য করেছেন। ফাঁসির দড়িও তাঁকে তাঁর লক্ষ্য থেকে একচুলও নড়াতে পারে নি। তাঁর এই আপসহীন সংগ্রামী ভূমিকা আমাদের নতুন প্রজন্মের জন্য আদর্শ স্থানীয়।
কিন্তু আমরা কী দেখি? বঙ্গবন্ধুকে হত্যা করেই ঘাতকরা ক্ষান্ত হয় নাই—আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে পর্যন্ত বিকৃত করে ফেলছে। বঙ্গবন্ধুর অবদান খাটো করা হচ্ছে, ইতিহাস থেকে মুছে ফেলার ঘৃণ্য চক্রান্ত চলছে।
বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনা, মূল্যবোধ, আদর্শ, উদ্দেশ্য ও লক্ষ্যকে সম্পূর্ণভাবে বিসর্জন দেওয়া হলো।
যে পাকিস্তানি সামরিক জান্তার শাসনের অবসান ঘটিয়ে দেশ স্বাধীন করে গণতন্ত্র কায়েম করেছিল বাঙালিরা, সেই গণতন্ত্রের অবসান ঘটিয়ে সামরিক জান্তার শাসন কায়েম করল হত্যাকারীরা।
সাধারণ মানুষ তার মৌলিক অধিকার হারাল।
ভোট ও ভাতের অধিকার বন্দি হলো সেনা ছাউনিতে।
এদের ছত্রছায়ায় গড়ে উঠেছে ক্ষুদ্র লুটেরা গোষ্ঠী। অবাধ লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। এদের দুঃশাসনে প্রশ্রয় পেয়েছে দুর্নীতি ও চোরাচালানি।
সামাজিক ন্যায়নীতি, মানবিক মূল্যবোধকে বিসর্জন দিয়ে শাসকগোষ্ঠী ভোগবিলাস ও মাদকাসক্ত উচ্চশ্রেণীর সৃষ্টি করে অবাধে শোষণ চালাচ্ছে। বৃহৎ জনগোষ্ঠী অর্থাৎ এ দেশের ৯০% ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে (আগে দাঁড়িয়েছিল ১৫%)।
ভূমিহীনের সংখ্যা ছিল ৩৭%, এখন প্রায় ৭০%। ২৫ বিঘা পর্যন্ত জমির মালিকদের বঙ্গবন্ধুর আমলে খাজনা দিতে হতো না—বর্তমানে খাজনা ও করের বোঝা অতিরিক্ত। ২২ পরিবারের পরিবর্তে জন্ম নিয়েছে কয়েক শত পরিবার—অবাধ লুটপাটের লীলাক্ষেত্র তৈরি করে নিয়েছে। শিক্ষিতের হার যা ছিল, বঙ্গবন্ধুর আমলে প্রবৃদ্ধির হার ছিল ৭ ভাগ, এখন তা দাঁড়িয়েছে ২ ভাগে। আমদানি-রপ্তানির ব্যবধান ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে।
বিদেশি পণ্যে দেশ ছেয়ে গেছে, দেশি পণ্য বাজারে বিকোচ্ছে না—অবাধ চোরাচালানির ফলেই এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বঙ্গবন্ধুর আমলে মদ, জুয়া, রেস ছিল নিষিদ্ধ; বর্তমানে ঘরে ঘরে মিনি বার বসেছে, বাজারে তো কথাই নেই—গ্রাম পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে।
মাদক চোরাচালানির সুগম পথ আজ বাংলাদেশ। যার বিষাক্ত প্রক্রিয়া সমাজে অশুভ প্রভাব ফেলে কত তাজা প্রাণ কেড়ে নিচ্ছে—সমাজে অপরাধপ্রবণতা বাড়াচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির আজ চরম অবনতি ঘটেছে।
বেকার সমস্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। শিক্ষিত যুবকরা চাকরির অভাবে হতাশাগ্রস্ত, শিক্ষা প্রতিষ্ঠান অস্ত্রবাজিতে ধ্বংস করা হচ্ছে।
সরকারি মদদে সন্ত্রাস সৃষ্টি করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে।
বাজেটের সিংহভাগ চলে যায় অনুৎপাদনশীল খাতে, আর স্বাস্থ্য ও শিক্ষা খাতে যায় সবথেকে কম বরাদ্দ।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনজীবন দিশেহারা। অনাহার-অপুষ্টিতে হাজার হাজার মানুষ ভুগছে। শিশুরা বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, অন্ধ হয়ে যাচ্ছে। এই তো বর্তমান বাংলাদেশের চেহারা! স্বাধীনতার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে শুধুমাত্র একটি মানুষের অভাবে। বাংলার মানুষের এই দুর্ভোগের জন্য দায়ী ঐ খুনিরা, দায়ী ষড়যন্ত্রকারীরা।
তাই এই হত্যাকাণ্ডের স্বরূপ উদ্ঘাটন করতে হবে। ষড়যন্ত্রকারীদের উৎখাত করতে হবে। সামরিক স্বৈরশাসনের অবসান না ঘটলে বাংলার মানুষের মুক্তি আসবে না। গণতন্ত্রই মুক্তির একমাত্র পথ। আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবসে প্রতিটি বাঙালিকে শপথ নিতে হবে যে, বাংলার মাটি থেকে সামরিক শাসনের অবসান ঘটাব, জনতার আদালতে খুনিদের বিচার করব, ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটন করে বাংলার মানুষকে বাঁচাব।
লেখক: শেখ হাসিনা, রাজনীতিবিদ, বাংলাদেশের পাঁচবারের নির্বাচিত প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা।
ইংরেজি অনুবাদ করেছেন: আনোয়ারুজ্জামান চৌধুরী, রাজনীতিবিদ, মেয়র, সিলেট সিটি কর্পোরেশন।
Allahu Akbar
Hayya 'alas-Salah
Hayya 'alal-Falah
Come to prayer
Come to success
The call to prayer floats from the mosque, inviting every Muslim—
Ignoring that call, the gang of assassins advanced to commit the most heinous killing in history.
The weapons in their hands roared. The assassins killed the soul of independence, the Father of the Nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. These beasts killed my mother, Bangamata Begum Fazilatun Nesa Mujib. They killed freedom fighter and student leader Sheikh Kamal, Sheikh Jamal, and their newly wedded wives, Sultana Kamal and Rosy Jamal—whose henna-stained hands merged with the fresh red of their blood.
The murderers killed Bangabandhu’s only brother, Sheikh Abu Naser.
Brigadier Jamil of the Military, who had rushed to ensure the President's security.
They killed duty-bound police officers and officials.
And at the very end, they killed Sheikh Russel, who was only ten years old. Time and again, Russel cried, saying, "I want to go to my mother." Escorting him past the corpses of his father and brothers, they brought him beside his mother's body and brutally murdered him. In their words, they committed a "Mercy Murder" on Russel—
Those despicable killers did not stop the massacre there; at the same time, they killed youth leader Sheikh Fazlul Haque Mani and his pregnant wife, Arzoo Mani—
They killed peasant leader Abdur Rab Serniabat, his thirteen-year-old daughter Baby,
Russel's playmate, his youngest son 10-year-old Arif,
And the eldest son of Abul Hasnat Abdullah, four-year-old Sukanta. They also killed his nephew, journalist Shahid Serniabat, Nantu, as well as domestic helps and dependents.
Once again, a history of betrayal was written on the soil of Bengal.
On June 23, 1757, in the battleground of Plassey, Mir Jafar—the commander-in-chief of Bengal’s last Nawab, Siraj ud-Daulah—betrayed him out of greed for power and the desire to become Nawab.
In 1975, the exact same event repeated itself in Bangladesh. Khandakar Mushtaq, a member of his own cabinet, betrayed the first President of independent Bangladesh, Bangabandhu Sheikh Mujib, driven by the desire to become President. Among the assassins were Colonel Rashid, Colonel Farooq, Major Dalim, Huda, Shahriar, Mohiuddin, Khairuzzaman, Moslem, and their gang. Just as the Nawab’s soldiers stood silently at Plassey on the secret signal of the commander—
On this day in 1975, those who were closest to Bangabandhu, whom he had raised with his own hands and trusted with power, remained silent. A tiny bit of action, intent, or order from those who held power could have saved Bangabandhu—yet at Khandakar Mushtaq’s secret cue, they played the role of silent spectators and did not step forward to help. How long did Mir Jafar’s reign last? Not even three full months—Khandakar Mushtaq's presidency (achieved through assassination in violation of all constitutional principles) could not complete three months either.
Those who trigger such events, those who pull the strings behind the scenes, never trust these traitors in the end. In fact, no one trusts betrayers—even those who instigate them; history teaches us that lesson. But do people learn from history?
In every era, such traitors are born whose lust for power pushes a whole nation toward ruin and brings about destruction.
By killing the Father of the Nation, Bangabandhu Mujib, the murderers killed the very hopes and aspirations of the people of Bengal. They killed the ultimate goal of independence. They brought absolute ruin to the Bengali nation.
There was no trial for this murder. General Zia came to power, spared the killers from the rule of law, and rewarded them with government job appointments.
He did not allow the rule of law to take its own course; rather, he indulged and nurtured injustice and crime—the evil consequences of which make every citizen feel insecure today.
The people of Bengal despise these murderers.
Why did they kill Bangabandhu?
What was his crime?
"Freedom"—a deeply cherished word, the core desire of the human heart. Oppressed under the chokehold of subjugation, who wants to suffocate to death?
Once, everyone fought for the creation of Pakistan, and so did Bangabandhu. But after Pakistan came into being, what did Bengalis get? Neither political freedom nor economic emancipation. Nothing fell to the lot of Bengalis except exploitation, deprivation, persecution, and even their mother tongue—which the Pakistani rulers tried to snatch away. Bengalis protected the dignity of their mother tongue with their chest's blood. Various conspiracies continued to destroy Bengali culture.
By siphoning off national wealth and impoverishing Bengalis, twenty-two families were created to sustain the exploitation.
And Bangabandhu Mujib recited the immortal word—"Freedom"—and showed the path to liberation:
"The struggle this time is the struggle for our emancipation!
The struggle this time is the struggle for our independence!"
"Joy Bangla"—he declared the victory of Bengalis.
"Joy Bangla"—was that his crime?
Bangladesh, which was a playground of exploitation for the Pakistani ruling elite—just as a wild beast turns ferocious when its prey is snatched from its jaws—became equally ferocious as the defeated enemies. Because that immortal message echoed through every vein and artery of every Bengali, striking violently at the core of Bengali consciousness.
On March 7, 1971, that thunderous, immortal voice attracted every Bengali like a magnet. Plunging into war, the brave sons of Bengal defeated the enemy and snatched away the red sun of independence.
On August 15, 1975, by killing Bangabandhu, the accomplices of those defeated enemies seemed to satisfy their vengeance! They took revenge for their defeat.
What is the condition of Bangladesh today without Mujib?
Bangabandhu Mujib’s lifelong dedication was to build an exploitation-free society where no gap would exist between the rich and the poor, and where every human being would receive basic necessities—food, clothing, shelter, education, medical care, and employment opportunities.
He wanted to establish the independent identity of the Bengali nation with honor across the globe and make it economically self-reliant. Toward that goal, he sacrificed throughout his life, waged an uncompromising struggle, and endured imprisonment, oppression, torture, and persecution. Even the gallows could not move him an inch from his resolve. His uncompromising, struggle-oriented role serves as an ideal model for our new generation.
But what do we see? The assassins did not stop merely at killing Bangabandhu—they went as far as distorting the history of our great Liberation War. Bangabandhu's contribution is being minimized, and a despicable plot is underway to erase him from history.
After the murder of Bangabandhu, the spirit, values, ideals, objectives, and goals of the Liberation War were completely abandoned.
The Bengalis who had ended the rule of the Pakistani military junta to free the country and establish democracy—those murderers abolished that democracy and imposed the rule of a military junta instead.
The common man lost his fundamental rights.
The right to vote and food became imprisoned within military cantonments.
Under their patronage, a small looting class emerged. A reign of unchecked plunder was established. Corruption and smuggling received shelter under their misrule.
Discarding social justice and human values, the ruling class created an indulgent and drug-addicted upper class to plunder freely. The vast majority—meaning 90% of the people in this country—live below the poverty line (which previously stood at 15%).
The proportion of landless people was 37%, now nearly 70%. Those owning up to 25 bighas of land did not have to pay land tax during Bangabandhu's time—currently, the burden of land tax and duties is excessive. Instead of 22 families, hundreds of families have emerged, turning the country into a playground for unrestricted looting. The growth rate, which was 7% during Bangabandhu's era, now stands at 2%. The trade gap between imports and exports has widened dramatically.
The country is flooded with foreign goods while domestic products find no market—unfettered smuggling has led to this situation.
During Bangabandhu’s era, alcohol, gambling, and horse racing were banned; today, mini-bars operate in households, let alone in markets—it has reached the village level.
Bangladesh has become a smooth transit route for drug smuggling today. Its toxic impact casts a dark shadow over society, claiming countless young lives and fueling crime rates. The law and order situation has deteriorated drastically.
Unemployment is rising day by day. Educated youth are frustrated due to a lack of jobs, and educational institutions are being ruined through gun violence.
State-sponsored terrorism is destroying the educational environment.
The lion's share of the budget goes to non-productive sectors, while health and education receive the lowest allocations.
People are bewildered by the skyrocketing prices of essential commodities. Thousands suffer from starvation and malnutrition. Children are becoming disabled and going blind. This is the current picture of Bangladesh! The dream of independence has been shattered into pieces due to the absence of just one person. These killers and conspirators are responsible for the suffering of the people of Bengal.
Therefore, the true nature of this assassination must be uncovered. The conspirators must be ousted. Unless military autocracy ends, the emancipation of the people of Bengal will not come. Democracy is the only path to freedom. Today is August 15. On National Mourning Day, every Bengali must take a pledge to eradicate military rule from the soil of Bengal, try the killers in the people's court, and save the people of Bengal by uprooting the conspirators.
Author: Sheikh Hasina, politician, five-time elected Prime Minister of Bangladesh, President of the Awami League, and daughter of Bangabandhu.
Translated into English by: Anwaruzzaman Chowdhury, politician, Mayor, Sylhet City Corporation.