পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হতে হবে ইতিহাসের সত্যের ওপর ভিত্তি করে: আউটলুককে শেখ হাসিনা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে যেকোনো দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি হতে হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঐতিহাসিক সত্যের স্বীকৃতি। ভারতের প্রভাবশালী সাময়িকী আউটলুক-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল দর্শন হলো—‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’। তবে ১৯৭১ সালের গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মুক্তিযুদ্ধের বাস্তব ইতিহাসকে অস্বীকার করে পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক ও টেকসই সম্পর্ক প্রতিষ্ঠা সম্ভব নয়। অতীতের সত্যকে স্বীকার করা এবং ইতিহাসের প্রতি দায়বদ্ধতাই দুই দেশের সম্পর্ক উন্নয়নের পূর্বশর্ত বলে তিনি উল্লেখ করেন। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও ঐতিহাসিক বন্ধন বাংলাদেশের উন্নয়ন, অর্থনৈতিক অগ্রগতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সংকটময় সময়ে ভারতের সহযোগিতার কথাও তিনি স্মরণ করেন। এ ছাড়া সাক্ষাৎকারে শেখ হাসিনা দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আঞ্চলিক ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার কৌশলগত বাস্তবতা নিয়েও নিজের মূল্যায়ন তুলে ধরেন।
লেখক: ড.আবুল হাসনাৎ মিল্টন, প্রধান সম্পাদক, দ্যা সোর্স নিউজ বাংলা