শনিবার, ১ আগস্ট ২০২৬
logo

দ্য সোর্স নিউজ বাংলা

অর্থনীতি

মার্কিন নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

লিখেছেন: সোর্স নিউজ ডেস্ক প্রকাশিত: ১০ জুলাই ২০২৬, ১:০৪ পিএম
মার্কিন নতুন শুল্কের ঝুঁকিতে বাংলাদেশের রপ্তানি, সতর্ক করল এডিবি

যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত অতিরিক্ত শুল্ক বাংলাদেশের রপ্তানি খাতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে সতর্ক করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ‘এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক, জুলাই ২০২৬’ প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এই পদক্ষেপ শুধু বাণিজ্য ব্যয়ই বাড়াবে না, বরং এশিয়ার অর্থনীতিতেও দীর্ঘমেয়াদি অনিশ্চয়তা সৃষ্টি করবে। এডিবির মতে, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারার আওতায় প্রস্তাবিত শুল্ক কার্যকর হলে দক্ষিণ এশিয়ার দেশগুলোর কার্যকর শুল্কহার গড়ে ১.২ শতাংশ পয়েন্ট বাড়তে পারে। এতে বাংলাদেশের তৈরি পোশাকসহ প্রধান রপ্তানি পণ্যের প্রতিযোগিতা দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে জোরপূর্বক শ্রম প্রতিরোধে ব্যর্থতার অভিযোগ থাকা দেশগুলোর ওপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত অতিরিক্ত শুল্ক আরোপের সম্ভাবনা রয়েছে। এডিবি মনে করছে, এ পরিস্থিতিতে শ্রম আইন বাস্তবায়ন, কমপ্লায়েন্স জোরদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।