তসলিমা নাসরিনের কলকাতায় পুনরাগমনের অনুষ্ঠানে জয় গোস্বামীকে ‘শুনব না’ ধ্বনি দেওয়ায় তিনি মঞ্চ থেকে নিজ আসনে ফেরা নিয়ে কবিতার সাথে সামান্য সংপৃক্ত লোকজনের অর্ধেক ‘ক্যা ক্যা ছি ছি’ বলছেন, বাকি অর্ধেক চুপ, কিন্তু মনে মনে বলছেন, দ্যাখ, কেমন লাগে! ঘটনাটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, কিন্তু অস্বাভাবিক নয়। দায়ী যদি কাউকে করতে হয় তাহলে আয়োজকদের দায়ী করাই সমীচীন। পাবলিক মুড তারা অনুধাবন না করার দায় নিতে হবে তাদের। জয় গোস্বামীর মত জনস্বীকৃত কবিকে যদি মঞ্চ দিতে আয়োজকরা অক্ষম হন, তাহলে তাকে দর্শক হিসেবে আমন্ত্রণ জানানোর অর্থ নেই। দর্শক হিসেবে তার উপস্থিতি যদিওবা উপস্থিত জনতা মেনে নিয়েছিলেন, তাকে ডেকে ‘কিছু বলুন’ বলায় গোলমাল বাধল।
তসলিমার নির্বাসনের সাতকাহণঃ
তসলিমা নাসরিন ১৯৯৪ সালের ৯ অগাস্ট নিজের দেশ থেকে পালাতে বাধ্য হন মৌলবাদীদের রোষে। ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের প্রেক্ষিতে যে হিন্দু নির্যাতন বাংলাদেশে হয়েছিল তার প্রেক্ষিতে ১৯৯৩ সালে প্রকাশিত উপন্যাস ‘লজ্জা’ বাংলাদেশের মৌলবাদীদের ভয়ংকর ক্ষুব্ধ করেছিল। কিন্তু তার আগে? তার আগে তার নির্বাচিত কলাম-এ তার খুল্লামখুল্লা লেখা যেখানে নিজের বাবাকেও ছাড়েন নি তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল বাংলাদেশে। তারপরে ১৯৯৪ সালের মে’ মাসে ভারতের ‘দ্য স্টেটসম্যান’ পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বললেন কোরান সংশোধনের কথা। আগুন জ্বলল সেখানেই। তিনি প্রথমে গেলেন সুইডেন। থাকলেন, নাগরিকত্ব নিলেন, কিছুদিন আমেরিকা, বছর দুয়েক জার্মানিতে থেকে আরেকবার ৯৭-৯৮ সালে ঢুকলেন বাংলাদেশে। কিন্তু জনবিক্ষোভে ফের নির্বাসন। এবার ইওরোপে।
সাড়ে তিন বছরের কলকাতাবাসঃ
২০০৪ সালে তিনি এলেন কলকাতায় থাকতে। ৭ নং রডন স্ট্রিটে বাস। লিখছেন। বড় পত্রিকা গোষ্ঠীর হাত মাথার ওপরে। ঘুরছেন, বেড়াচ্ছেন, ভালই ছিলেন। তবে ২০০৩ সালে তার আত্মজীবনীমূলক বই ‘দ্বিখন্ডিত’ প্রকাশিত হওয়ার পরে পশ্চিমবঙ্গ সরকার নিষিদ্ধ ঘোষনা করেছিল। সেখানে মুসলিম মৌলবাদকে আক্রমণ করার সাথে তিনি সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক ও মাসুদ ভাট্টিকে যৌনমতলবী বলে আক্রমণ করে বিতর্কের ঢেউ তোলেন। ২০০৫ সালে জনৈক সুজিত কুমার সিনহা’র আবেদনক্রমে দ্বিখন্ডিত’র ওপরে আদালতের নির্দেশে নিষেধাজ্ঞা উঠে যায়। বিতর্কের কারণে বিখ্যাত হওয়া তসলিমার বইয়ের কাটতি তখন তুমুল। এবার আসে ২০০৭ সাল। বিখ্যাত নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বাম সরকারের লাটপাট অবস্থা।
বুদ্ধদেবের ভয়ে কেঁপে ওঠাঃ
সেই সময় জনৈক কংগ্রেসি হাফ নেতা যে পরে তৃণমূল কংগ্রেসে এসে ফুল নেতা হয়ে উঠেছিলেন সেই ইদ্রিস আলি প্রতিষ্ঠা করলেন অল ইন্ডিয়া মাইনরিটি ফোরাম। তারা বাম সরকারকে বিব্রত করতে খুব হঠাৎ ‘তসলিমা হঠাও’ আন্দোলনের ডাক দিলেন। সেই ডাককে সমর্থণ দিলেন ফুরফুরার পীরজাদা ত্বহা সিদ্দিকী। বাম সরকারের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সংখ্যালঘু ভোট হারানোর ভয়ে কেঁপে গেলেন। লেখক-বুদ্ধিজীবিরা বেশীর ভাগই বাম শিবিরে। সুনীল গঙ্গোপাধ্যায়ের সম্পর্কে অভিযোগের প্রেক্ষিতে তসলিমা বিরোধী। কাজেই ২০০৭ সালের ২১ নভেম্বর প্রায় ঘাড়ধাক্কা দিয়ে তসলিমাকে পাঠানো হল দিল্লি। কেন্দ্রে তখন বাম সমর্থিত ইউপিএ সরকার।
ইউপিএ সরকারের বিমাতৃসুলভ আচরণঃ
ইউপিএ সরকার তসলিমাকে ঠেলে দিল রাজস্থানে। কিছুদিন থাকার পরে তসলিমার জেদের কারণে তাকে আনা হল দিল্লিতে। সেখানে গৃহবন্দী রাখা হল ৭/৮ মাস। পরোক্ষ চাপ দেওয়া হল ভারত ছাড়ার। কিন্তু তার জাতিসংঘের পাসপোর্ট থাকায় জোর করে সরানো সম্ভব ছিল না। এবারে রেসিডেন্ট পারমিটের নবায়নে সমানে টালবাহানা চলল। কিন্তু চাপ কমল যখন ২০০৯ এর নির্বাচনের পরে। ইতিমধ্যে ঘটেছিল আরেক কান্ড। ২০০৭ সালের নভেম্বর মাসে, যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী সে’সময় গুজরাটের ভাবনগরের বোতাদ শহরে এক রাজনৈতিক জনসভায় বলেছিলেন - '"তসলিমা মৌলবাদীদের বিরুদ্ধে সত্য বলতে সাহস দেখিয়েছেন। কেন্দ্র সরকার যদি তাঁকে দেখে রাখতে না পারে, তবে তাঁকে গুজরাটে পাঠিয়ে দিন। গুজরাটের মানুষ এবং সরকার তাঁর দেখাশোনা করবে। তাঁকে সুরক্ষা দেওয়ার সাহস আমার আছে।"
বিজেপি সরকারের তসলিমা উদ্যোগঃ
২০১৪ সালে ভারতে ক্ষমতায় আসে বিজেপি সরকার। তারা তসলিমার বিষয়ে যে সিদ্ধান্তগুলি নিয়েছিল তা হল – দীর্ঘ মেয়াদী রেসিডেন্স পারমিট, স্থায়ী নিবাসের নিশ্চয়তা, ২৪ ঘন্টার সশস্ত্র নিরাপত্তা, কোথাও যেতে নিরাপদ গাড়ির ব্যবস্থা ও অবস্থানের গোপনীয়তা। ফলে ২০১৪ সাল থেকে তসলিমা নাসরিন ভারতে অতিথি হিসেবে নিরাপদেই আছেন। মাঝেমধ্যে সোশাল মিডিয়ায় নাগরিকত্ব নেওয়ার কথা বলেন বটে, কিন্তু আবেদন করেন নি। না করাই ভালো। ভারতীয় নাগরিকত্ব নিলে এখনকার সুবিধাগুলি পাবেন না।
জয় গোস্বামীর চাটুকারিতাঃ
এবার আসি জয় গোস্বামী’র প্রসঙ্গে। তিনি অনন্য কবি হলেও মানুষ হিসেবে বিতর্কিত। সুনীল গঙ্গোপাধ্যায়ের সাথে তাঁর জীবদ্দশায় যে তিক্ততা সৃষ্টি হয়েছিল আমি নিজেও তার সাক্ষী। জনশ্রুতি সুনীল গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ কবি পিনাকী ঠাকুরের বাংলা সাহিত্যের বর পত্রিকা থেকে বিদায় এই তিক্ততার ফল। আরো অনেক আর্থিক বিষয় নিয়ে গোলমাল শোনা যায়। ক্রমে জয় গোস্বামীকে বিদায় নিতে হয় সেই বড় পত্রিকা গোষ্ঠী থেকে। যোগ দেন আরেক পত্রিকায়। সেখানেও টিঁকতে পারেন নি। এবার আশ্রয় শাসকনেত্রীর বদান্যতার আঁচলে। নজরুল অ্যাকাডেমির প্রধান হলেন। সেখানে কাজী নজরুল বিষয়ক কোন মহান কাজ চোখে না পড়লেও তিনি যে আর্থিক নিরাপত্তা ও অন্যান্য সুবিধা পেয়েছেন তা নিজমুখে বিভিন্ন সাক্ষাৎকারে নির্লজভাবে প্রকাশ করেছেন যা কবির কাছে প্রত্যাশিত নয়। ফলে তার প্রতি জনরোষ ধীরে ধীরে ধূমায়িত হয়েছে।
শাসনবদল হতেই সংস্কৃতি জগতে বিস্ফোরণঃ
প্রথমেই বলেছি যে তিনি অনন্য কবি হলেও মানুষ হিসেবে বিতর্কিত। তার সাথে আরেক নামী শাসক গোষ্ঠীর কবি যে কবিতা অ্যাকাডেমির প্রধান হন, তার সাথে বাক্যালাপ বন্ধ হয়ে গিয়েছিল। অন্যান্য কবিরাও এড়িয়ে চলতেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতা পালটে গেল এবং এল বিজেপি। কবি-লেখকদের মধ্যে আমার মত দু-এক পিস অর্বাচীন ছাড়া বিজেপি পক্ষের কেউই ছিল না। কিন্তু এরপরে সংস্কৃতি জগতে যা ঘটল তাকে ‘বাহবা সময় তোর সার্কাসের খেলা’ বলা যায়। প্রচুর মানুষ দাবী করতে শুরু করলেন যে তারা গত ১৫ বছরে সুযোগ পাননি, বঞ্চিত হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। কথাটা আংশিক অবশ্যই সত্যি।
জয়কে মঞ্চে ডাকতেই তুমুল হট্টগোলঃ
প্রচারের আলো পাওয়ার প্রতিযোগিতায় একটি সংস্থা তসলিমা নাসরিনকে কলকাতায় আসার উদ্যোগ নিতেই উদ্বেলিত হল পশ্চিমবঙ্গের বাঙালি। যদিও তার আগে কলকাতার সংস্থা যুগসাগ্নিক ২০২৫ সালে তসলিমাকে নিয়ে দিল্লিতে অমুষ্ঠান করেছে। মুখ্যমন্ত্রীর সবুজ সিগনাল পেতেই এই উদ্যোগ রূপ নিল বাস্তবে। মুখ্যমন্ত্রী থাকলেন। কিন্তু উপস্থিত ও আমন্ত্রিত কবি জয় গোস্বামীকে মঞ্চে ডাকতেই তুমুল হট্টগোল। জনগণের চাপে মঞ্চ থেকে নেমে গেলেন জয় গোস্বামী। তসলিমা তার কথা শুরু করলেন।
দায়ী মানুষ নয়, তবে ঘটনা দুর্ভাগ্যজনকঃ
এবারে প্রশ্ন এ’ভাবে প্রথিতযশা কবি জয় গোস্বামীর অবমাননা কি ঠিক কাজ হল? আড়াআড়ি বিভক্ত বাঙালি। এই ঘটনাকে খুব সোজা দৃষ্টিতে দেখলে হবে না। জয় গোস্বামীকে মঞ্চ থেকে নামানোর কোন সরকারি বা রাজনৈতিক আদেশ ছিল না। অনুষ্ঠানসূচী বা আমন্ত্রণপত্রে জয় গোস্বামীর নাম ছিল না। কাজেই যারা জয় গোস্বামীকে ‘শুনব না’ বলে চেঁচিয়েছেন, তাদের সেই না শোনার অধিকার অবশ্যই ছিল। এবারে আপনি আমায় নিমন্ত্রণ করেছেন, আমি এসেছি, আপনাকে না জানিয়ে নিমন্ত্রিত হিসেবে আরেকজনকে নিমন্ত্রণ জানিয়ে হাজির করতে পারি? আবেগাপ্লুত তসলিমা হয়ত সুনীল বিরোধিতার কারণে জয়কে পছন্দ করেন বলে ডেকেছিলেন। জয়কে আলাদা করে সম্মানিত করার অধিকার আয়োজকদের ছিল ও তা ঘোষণা করে। কিন্তু মঞ্চ দেওয়ার অধিকার তসলিমার ছিল কি? জয় গোস্বামীর গ্রহনযোগ্যতা যে তলানিতে সেটা আয়োজকরা জানতেন না? জয় হয়ত নিজের ভাবমুর্তির ছেঁড়াফাটা অবস্থা বোঝেন নি। তাই যা ঘটেছে সেটা ‘দুর্ভাগ্যজনক’ বলা ছাড়া আর কিছুই বলা ঠিক নয়। শুধু বলা ভালো যে এটা আয়োজকদের ব্যর্থতা এবং রাস্ট্রীয় প্রোটকলে থাকা কবি তসলিমারও জানা উচিৎ ছিল যে পূর্বনির্ধারিত ও পুলিশি অনুমতি নেওয়া অনুষ্ঠানসূচীতে স্বেচ্ছায় কাউকে গোঁজা ঠিক নয়।
অমিত গোস্বামী , সাংবাদিক ও সাহিত্যিক, কোলকাতা
At the event marking Taslima Nasrin's return to Kolkata, poet Joy Goswami was met with chants of "We won't listen," forcing him to step down from the stage and return to his seat. Half of the people even remotely associated with poetry are expressing sheer outrage, while the other half remain silent but are secretly thinking, "See how it feels!" The incident is undoubtedly unfortunate, but not entirely unnatural. If anyone is to be blamed, it is only reasonable to hold the organizers responsible. They must bear the blame for failing to gauge the public mood. If the organizers are incapable of providing a stage to a widely recognized poet like Joy Goswami, there is no point in inviting him as an audience member. Even if the attending crowd had accepted his presence in the audience, the trouble began the moment he was called upon to "say a few words."
The Long Saga of Taslima's Exile
Taslima Nasrin was forced to flee her own country on August 9, 1994, facing the wrath of fundamentalists. Her novel Lajja (Shame)—published in 1993 against the backdrop of the persecution of Hindus in Bangladesh following the demolition of the Babri Masjid in 1992—fiercely angered Bangladeshi fundamentalists. But what about before that? Prior to this, her explicitly open writings in her selected columns, where she didn't even spare her own father, had created quite a stir in Bangladesh. Then, in May 1994, during an interview with India's The Statesman, she spoke about amending the Quran. That is where the fire was truly ignited. She first went to Sweden. She stayed there, acquired citizenship, spent some time in America, lived in Germany for about two years, and then entered Bangladesh once more around 1997-98. However, public protests forced her into exile again. This time, to Europe.
Three and a Half Years of Living in Kolkata
In 2004, she came to live in Kolkata. She resided at 7 Rawdon Street. She was writing, with the backing of a major media group holding an umbrella over her head. She was traveling, moving around, and doing quite well. However, after the publication of her autobiographical book Dwikhandito (Split in Two) in 2003, the West Bengal government banned it. In the book, alongside attacking Muslim fundamentalism, she sparked waves of controversy by accusing Sunil Gangopadhyay, Syed Shamsul Haq, and Masuda Bhatti of having sexual motives. In 2005, following a petition by one Sujit Kumar Sinha, the court ordered the lifting of the ban on Dwikhandito. Fueled by the controversy, sales of the famous Taslima's book skyrocketed. Then came the year 2007. The Left Front government was in a precarious state due to the famous Nandigram movement.
Buddhadeb's Trembling in Fear
Around that time, a minor Congress leader—who later joined the Trinamool Congress and became a full-fledged leader—named Idris Ali founded the All India Minority Forum. To embarrass the Left government, they abruptly called for a "Oust Taslima" movement. This call was supported by Pirzada Twaha Siddiqui of Furfura Sharif. The Left Front Chief Minister, Buddhadeb Bhattacharjee, trembled with the fear of losing the minority vote. Most writers and intellectuals were in the Left camp. Moreover, they were anti-Taslima due to her allegations against Sunil Gangopadhyay. Consequently, on November 21, 2007, Taslima was practically pushed out by the scruff of her neck and sent to Delhi. At the center, there was the Left-supported UPA government.
The UPA Government's Step-Motherly Treatment
The UPA government pushed Taslima to Rajasthan. After a brief stay, due to Taslima's insistence, she was brought back to Delhi. She was kept under house arrest there for 7 to 8 months. Indirect pressure was applied on her to leave India. However, since she held a UN passport, forcing her out was not possible. The renewal of her resident permit then became a subject of constant delay tactics. But the pressure eased after the 2009 elections. In the meantime, another incident had unfolded. In November 2007, when Narendra Modi was the Chief Minister of Gujarat, he stated at a political rally in Botad town of Bhavnagar, Gujarat:
"Taslima has shown the courage to speak the truth against fundamentalists. If the central government cannot take care of her, send her to Gujarat. The people and the government of Gujarat will look after her. I have the courage to provide her with protection."
The BJP Government's Initiative for Taslima
In 2014, the BJP government came to power in India. The decisions they took regarding Taslima included: a long-term residence permit, the guarantee of a permanent residence, 24-hour armed security, a secure vehicle for travel, and the confidentiality of her location. As a result, Taslima Nasrin has been living safely as a guest in India since 2014. She occasionally talks about taking citizenship on social media, but she hasn't applied. It is better that she doesn't. If she takes Indian citizenship, she will lose the privileges she currently enjoys.
Joy Goswami's Sycophancy
Now, let us come to the topic of Joy Goswami. Though an exceptional poet, he is controversial as a person. I myself have been a witness to the bitterness that developed between him and Sunil Gangopadhyay during the latter's lifetime. Rumor has it that the departure of poet Pinaki Thakur, a close associate of Sunil Gangopadhyay, from Bengali literature's premier magazine was a result of this bitterness. Troubles regarding various financial matters were also heard. Gradually, Joy Goswami had to bid farewell to that major media group. He joined another publication. He couldn't survive there either. Now, his refuge was under the generous umbrella of the ruling party's leader. He became the head of the Nazrul Academy. While no monumental work regarding Kazi Nazrul was visible there, the financial security and other benefits he received were shamelessly expressed by him in various interviews—something completely unexpected from a poet. Consequently, public anger towards him slowly simmered.
Explosion in the Cultural Sphere Upon Regime Change
As I said earlier, although he is a unique poet, he is controversial as a person. His communication had completely ceased with another renowned pro-establishment poet who became the head of the Kobita (Poetry) Academy. Other poets avoided him as well. Under these circumstances, the ruling power of West Bengal changed, and the BJP came in. Among poets and writers, apart from a couple of naive individuals like myself, there was no one on the BJP's side. But what happened next in the cultural world can only be described as, "Bravo time, what a circus act of yours!" A multitude of people began claiming that they hadn't received opportunities over the last 15 years and had been deprived in various fields. This claim is, of course, partially true.
Massive Uproar as Joy is Called to the Stage
In a competition to grab the limelight, the moment an organization took the initiative to bring Taslima Nasrin to Kolkata, the Bengalis of West Bengal were overwhelmed with excitement. Although, prior to this, the Kolkata-based organization 'Jugasagnik' had organized an event with Taslima in Delhi in 2025. This initiative materialized into reality as soon as it received the Chief Minister's green signal. The Chief Minister was present. However, the moment the attending and invited poet Joy Goswami was called to the stage, a massive uproar broke out. Under intense public pressure, Joy Goswami had to step down from the stage. Taslima then began her speech.
People Aren't to Blame, But the Incident is Unfortunate
Now the question is, was this kind of public humiliation of a renowned poet like Joy Goswami justified? Bengalis are sharply divided on this. This incident cannot be viewed too simplistically. There was no governmental or political order to remove Joy Goswami from the stage. Joy Goswami's name was not on the event schedule or the invitation letter. Therefore, those who shouted "We won't listen" to Joy Goswami absolutely had the right to refuse to listen. Consider this: if you invite me and I attend, can I just arbitrarily invite and bring along someone else without informing you? Perhaps an emotional Taslima called upon Joy because she favors him due to their shared opposition to Sunil. The organizers certainly had the right to honor Joy separately and could have announced it. But did Taslima have the right to offer him the stage? Didn't the organizers know that Joy Goswami's acceptability had hit rock bottom? Joy perhaps didn't realize the tattered state of his own public image.
Therefore, describing what happened as anything other than "unfortunate" would be incorrect. It is best stated that this was a failure on the part of the organizers, and poet Taslima—who operates under strict state protocol—should have known that it is improper to arbitrarily insert someone into a pre-scheduled event that has acquired specific police permissions.
Amit Goswami, Journalist and Author, Kolkata