রক্তাক্ত বেলুচিস্তান: চার দিনে প্রাণ গেল ৯৬ জনের, তীব্র নিরাপত্তা সংকটে পাকিস্তান
পাকিস্তানের বেলুচিস্তানে মাত্র চার দিনের ব্যবধানে একাধিক সশস্ত্র হামলা ও পাল্টা অভিযানে অন্তত ৯৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ৩৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, চারজন বেসামরিক নাগরিক এবং পাকিস্তানের দাবি অনুযায়ী ৫৪ জন সশস্ত্র বিদ্রোহী। এসব ঘটনায় প্রদেশটির নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উদ্বেগের মুখে পড়েছে। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয় উত্তর বেলুচিস্তানের জিয়ারত জেলার মাঙ্গি ড্যাম এলাকায় একটি পুলিশ চৌকিতে। পাকিস্তানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, হামলায় প্রথমে নয়জন পুলিশ সদস্য নিহত হন। পরে উদ্ধার অভিযানের সময় অপহৃত ১৮ পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর জিয়ারত, বেলা-উইন্ডার, খারান ও দালবান্দিন এলাকায় ব্যাপক অভিযান চালায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, অভিযানে ৫৪ জন সশস্ত্র হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে, বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলো দাবি করেছে, সরকারি হিসাবের তুলনায় নিরাপত্তা বাহিনীর প্রকৃত হতাহতের সংখ্যা আরও বেশি। পরস্পরবিরোধী এসব দাবির স্বাধীন যাচাই সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, ধারাবাহিক সহিংসতা বেলুচিস্তানে নিরাপত্তা সংকট আরও গভীর হওয়ার ইঙ্গিত দিচ্ছে।